সাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত; বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপটি মূলত পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অতিক্রম করবে। তবে বায়ুচাপের পার্থক্যের কারণে বাংলাদেশেও এর কিছুটা প্রভাব পড়বে। যদিও এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম এবং দেশে তীব্র ঝড়ের আশঙ্কা নেই। এর প্রধান প্রভাব হবে বৃষ্টিপাত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে দিনের প্রথম ভাগে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির প্রভাবে কিছু এলাকায় এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্ট এলাকায়। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার। একই সময়ে ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা ও আশপাশের অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের কিছু সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।