ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

রোববার (৬ জুলাই) রাত প্রায় ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা বাংলাদেশিদের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৫০ জনের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়। হস্তান্তর প্রক্রিয়ার সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের একজন ফিরোজ মাহমুদ জানান, ভালো চাকরির আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যান তিনি। সেখানে বাসাবাড়ি, পোশাক কারখানা ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

তিনি বলেন, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাকে কারাগার থেকে মুক্ত করে তাদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সহযোগিতা এবং বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফেরত আসা ৫০ বাংলাদেশিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের দুটি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।

যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর আঞ্চলিক ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা জানান, তামিলনাড়ুতে আটক এসব বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে চারজন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং ৪৬ জন পুরুষকে মানবাধিকার সংস্থা রাইটস যশোর গ্রহণ করেছে। সংস্থা দুটি ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।