স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক নির্দেশনায় দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, এমন ব্যক্তিদের তথ্য চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সময়সূচি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং নিষ্পত্তিকৃত তথ্য ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযুক্ত করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের সুযোগ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের সহযোগিতায় জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।