বগুড়া বিশ্ববিদ্যালয় বিলে পরিবর্তনের সুপারিশ, সংসদে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত

প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয় বিলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলটি বিস্তারিত পর্যালোচনা শেষে সংসদে প্রতিবেদন উপস্থাপনেরও সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলে উল্লেখ থাকা ‘জামালপুর’ নামের নির্দিষ্ট স্থান সংক্রান্ত বিধান বাদ দেওয়ার প্রস্তাব করা হয়। এর পরিবর্তে বগুড়া জেলার যেকোনো উপযুক্ত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রও সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়। আগে বিলে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও গবেষণার কথা থাকলেও সংশোধিত প্রস্তাবে বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞান বিষয়ও অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রিত হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৈঠকে অংশ নেন। এছাড়া আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।