সরকারি গুদামে রেকর্ড ২২.৯০ লাখ টন খাদ্যশস্য, অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা

দেশের সরকারি গুদামে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মো. গোলাম রছুলের সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৮ লাখ ২৯ হাজার ৩৮৭ টন চাল, ৩ লাখ ২৮ হাজার ৪৯৫ টন গম এবং ২ লাখ ৩ হাজার ৬৬১ টন ধান মজুত রয়েছে। চালের সমপরিমাণ হিসেবে এর মোট পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ খাদ্যশস্যের মজুত।

প্রতিমন্ত্রী জানান, কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সরকার পর্যাপ্ত পরিমাণে ধান ও চাল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে।

খাদ্য গুদামে সংরক্ষণে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, উত্থাপিত অভিযোগ ব্যক্তিগতভাবে তদন্ত করবেন। তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। ভেজাল খাদ্য গ্রহণের কারণে ক্যানসার, কিডনি রোগসহ নানা জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পেতে পারে।