প্রশাসনে বড় পদোন্নতি, একদিনে যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদে কর্মরত ১৭৯ কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রশাসনে একসঙ্গে সবচেয়ে বড় পদোন্নতি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ পদোন্নতির ঘোষণা দেয়। জানা গেছে, সকালে পদোন্নতির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও ৭ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মূলত প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি ২৪তম ব্যাচের যেসব কর্মকর্তা আগে পদোন্নতি থেকে বাদ পড়েছিলেন, তাদেরও বিবেচনায় আনা হয়েছে।

এর আগে প্রশাসন ক্যাডারের ১৩৮ জন এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাসহ ২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে উন্নীত করার সুপারিশ করা হয়েছিল। তবে সবশেষ অন্তর্বর্তী সরকারের সময়ে ওই ব্যাচের ৮০ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছিলেন।

এদিকে ২৫তম ব্যাচের মোট ১৭০ জন কর্মকর্তার মধ্যে উপসচিব পদে পদোন্নতি পাওয়া ৮০ জনকে এবার যুগ্মসচিব পদে উন্নীত করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ১৫তম ব্যাচের দুইজন উপসচিবও এবার যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।