হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে এমপি ঘোষণা, গেজেট প্রকাশ

দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই গেজেট জারি করা হয়। এরপর তার শপথ গ্রহণের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের নাম গেজেট আকারে প্রকাশ করে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, গেজেট প্রকাশের পর তার শপথ গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে একই দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের দেওয়া সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। আদালত রায়ে তার প্রার্থিতাকে বৈধ বলে উল্লেখ করেন।

রায়ের পর সরোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম বলেন, হাইকোর্টের রায়ের ফলে তার মক্কেলের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সরোয়ার আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গেজেট প্রকাশের পরপরই নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সরোয়ার আলমগীর। যদিও এর আগে একই আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করলে ১৮ জানুয়ারি ইসি তার প্রার্থিতা বাতিল করে।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২৭ জানুয়ারি আদালত তাকে নির্বাচনে অংশগ্রহণ ও ‘ধানের শীষ’ প্রতীক ব্যবহারের অনুমতি দেন। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ ও গেজেট জারি স্থগিত রাখার নির্দেশ দেন। নির্বাচনে জয়ী হলেও সে কারণে প্রায় পাঁচ মাস তার গেজেট প্রকাশ আটকে ছিল।

পরবর্তীতে ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিলে হাইকোর্ট মামলার রুল যথাযথ ঘোষণা করে তার প্রার্থিতার বৈধতা বহাল রাখেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের প্রত্যয়নিত রায়ের কপি পাওয়ার পর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশ করা হয়েছে এবং শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।