সাজেকে আটকে পড়া সব পর্যটক ফিরেছেন, আপাতত বন্ধ থাকছে ভ্রমণ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় কয়েকদিন ধরে সাজেকে আটকে থাকা সব পর্যটক নিরাপদে ফিরে এসেছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রেখেছে জেলা প্রশাসন।

রাঙামাটির সাজেক ভ্যালিতে কয়েকদিন ধরে আটকে থাকা সব পর্যটক শুক্রবার সকালে নিরাপদে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনীর নিরাপত্তা বহরে তাদের সাজেক থেকে নামিয়ে আনা হয়। তবে ঝুঁকি পুরোপুরি না কাটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ জানান, শুক্রবার সকাল ৯টার দিকে পর্যটকদের বহনকারী যানবাহন সাজেক ত্যাগ করে এবং সাড়ে ১১টার দিকে তারা খাগড়াছড়িতে পৌঁছায়। টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় আটকে পড়া প্রায় ৬০০ পর্যটকের মধ্যে বৃহস্পতিবার ১৫০ জন ফিরে যান। বাকি সবাই শুক্রবার সকালে নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না।

জানা গেছে, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাজেক-খাগড়াছড়ি সড়কের দুটি অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সোমবার ও মঙ্গলবার সকালে সাজেকে যাওয়া পর্যটকেরা সেখানে আটকা পড়েন।

পরিস্থিতির অবনতি এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় আপাতত সাজেকে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।