চট্টগ্রামের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রা ণ বিতরণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। এ দায়িত্ব পালনে ক্ষয়ক্ষতি মূল্যায়ন থেকে শুরু করে ত্রাণের পর্যাপ্ততা নিশ্চিত করা এবং পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নের কাজেও নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনটি জারি করেন। এতে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত থাকা ত্রাণসামগ্রীর অবস্থা এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। পাশাপাশি বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সমন্বয় ও তদারকি করবেন।

এ ছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন এবং দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও বাস্তবায়ন তদারকির দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী অমিত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নিয়মিতভাবে সরকারকে অবহিত করবেন।

দায়িত্ব পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।