রাজনীতি জনগণের ভাগ্য বদলের প্রক্রিয়া, ক্ষমতা ভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়, এটি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে তারা জনগণের কল্যাণে কাজ করছে।

শুক্রবার (১০ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটের সময়েও সংগঠনটি ধারাবাহিকভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র সংস্কার এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের আসন্ন বরিশাল সফর দক্ষিণাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

তিনি জানান, সরকারের উদ্যোগে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বরিশালে প্রধানমন্ত্রীর প্রথম সফর।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তথ্যমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ এবং স্থানীয় ছাত্রদল নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে দুপুর ১২টা ১০ মিনিটে ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম (ডোনার) এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরীন)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাতবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক স্মরণ করেন।