ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২ হাজার ৮৩৬ মামলা, ডাম্পিং ৮৩৪ যানবাহন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮৩৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এর মধ্যে ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৮৫৭টি, মিরপুর বিভাগে ৫২৭টি, উত্তরা বিভাগে ২৯৯টি, তেজগাঁও বিভাগে ২৭৪টি, মতিঝিল বিভাগে ২৫৬টি, লালবাগ বিভাগে ২৩৯টি, গুলশান বিভাগে ২৩৭টি এবং রমনা বিভাগে ১৪৭টি মামলা করা হয়েছে।

অভিযান চলাকালে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।