টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানে ১২২টি পরিবারকে নিরাপদে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড় ধসে অনেক পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বাস্তুহারা হয়। এ পরিস্থিতিতে বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকার ১২২টি পরিবারকে নিরাপদে উদ্ধার করে শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
উদ্ধারের পাশাপাশি দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি দায়িত্ব পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক অঙ্গীকার। ভবিষ্যতেও উদ্ধার ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
