নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক ঘরের ওপর উল্টে পড়ায় শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু খানম (১২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনই ওই এলাকার হাফিজার মোল্যার মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, রাতে পড়াশোনা শেষে দুই বোন ঘুমিয়ে ছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে এবং পাথরের আঘাতে দুই বোন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী গাড়ি ফেলে পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
