আতিফ আসলামের কনসার্টের টিকিট ঘিরে প্রতারণার অভিযোগ, ফেসবুক গ্রুপের প্রশাসক গ্রেফতার

জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক ফেসবুক গ্রুপের প্রশাসককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামের একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করতেন বলে জানিয়েছে সিআইডি।

জানা যায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানের খ্যাতনামা শিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে ‘ইভেন্ট সাজাই’ এবং ‘মেইন স্টেজ ইনক’। এ উপলক্ষে টিকিট বিক্রির জন্য ‘গেট মাই টিকিট ডট লাইভ’-এর সঙ্গে চুক্তি করে গত ৮ জুলাই থেকে ‘মেইন স্টেজ ইনক’-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করা হয়।

একপর্যায়ে আয়োজকদের নজরে আসে, ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ গ্রুপে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে নতুন করে আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপটির প্রশাসক ‘এ কে আবিদ খান’-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। পাশাপাশি অর্থ প্রদান না করলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রেখে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনক’-এর সুনাম ক্ষুণ্ন এবং ব্যবসায়িক ক্ষতির হুমকিও দেন।

এ ঘটনায় কনসার্ট আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ গ্রুপের প্রশাসক হওয়ার কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি ‘এ কে আবিদ খান’ নামে একটি ফেসবুক পরিচয় ব্যবহার করতেন বলেও জানান।

গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।