রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডি সংলগ্ন কয়েকটি এলাকায় গ্যাস বিতরণ লাইনের উন্নয়ন ও প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (২১ জুলাই) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, পুরোনো ও লিকেজযুক্ত বিতরণ লাইন পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়নকাজের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলো হলো ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিতরণ ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এ কাজ পরিচালনা করা হচ্ছে। তবে এ সময় নির্ধারিত এলাকার বাইরেও পার্শ্ববর্তী কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কাজ চলাকালে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
