ইতালিতে সামাজিক ব্যবসাভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’ প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা চুক্তি করেছে ইউনূস সেন্টার। দক্ষিণ ইতালির নেপলসে স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে সামাজিক ব্যবসাকে কেন্দ্র করে একটি সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ১৬ জুলাই নেপলসের সামাজিক উদ্ভাবনভিত্তিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে কোয়ার্তিয়েরি স্পানিওলির সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইতালির নেপলস, পালের্মো ও পোতেনজার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ইউনূস সেন্টার জানায়, উদ্যোগটির মূল লক্ষ্য হলো সামাজিক ব্যবসাভিত্তিক একটি শক্তিশালী ও সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলা। এর মাধ্যমে নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা, স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হবে।
চুক্তির আওতায় ইউনূস সেন্টার এবং ইতালীয় অংশীদার প্রতিষ্ঠানগুলো প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার নীতিমালা অনুসরণ করে টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মডেল বাস্তবায়নে কাজ করবে। একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন উদ্যোক্তা তৈরি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নেপলসের মেয়রের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত মানুষকে সমাজের বোঝা হিসেবে নয়, বরং সৃজনশীলতা ও সম্ভাবনার উৎস হিসেবে দেখতে হবে। সামাজিক ব্যবসা এমন একটি ধারণা, যা মানুষকে সহায়তার ওপর নির্ভরশীল না রেখে নিজ উদ্যোগে সমস্যা সমাধানের পথ দেখায়।”
তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা বিশেষ করে তরুণ, নারী, অভিবাসী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। দক্ষিণ ইতালির সামনে সামাজিক ব্যবসার একটি ইউরোপীয় পরীক্ষাগার হয়ে ওঠার সুযোগ রয়েছে, যা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের নতুন মডেল তৈরি করতে সক্ষম হবে।
ইউনূস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, এ সহযোগিতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কারিগরি সহায়তা, আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে। পাশাপাশি যুব ও নারী উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস ফান্ড গঠন, নতুন সামাজিক ব্যবসার পরামর্শ এবং অভিবাসন ও সামাজিক অন্তর্ভুক্তি–সংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নেও সহযোগিতা করা হবে।
চুক্তির প্রাথমিক বাস্তবায়নকাল ধরা হয়েছে তিন বছর, অর্থাৎ ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে নেপলস, পালের্মো এবং পোতেনজায় মোট ১৪টি নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ইউনূস সেন্টার ও ইতালীয় অংশীদারদের এ যৌথ উদ্যোগ শুধু দক্ষিণ ইতালির জন্য নয়, বরং ইউরোপে সামাজিক ব্যবসার ধারণাকে আরও বিস্তৃত ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির একটি সফল মডেল হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে।
