চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি, থাকবে ব্যবহারিক পরীক্ষাও

আগামী বছর থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক প্রণয়নের পাশাপাশি লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থাও রাখা হবে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে সরকার কাজ করছে। বইনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে।

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা ও সংস্কৃতি অন্তর্ভুক্তির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে। খেলাধুলা বিষয়ে লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠভিত্তিক ব্যবহারিক মূল্যায়নও থাকবে। এছাড়া বিতর্ক, কোরআন তেলাওয়াত, সংগীত এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমের অংশ করা হবে।

আমিনুল হক বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে পারবে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকেও তাদের সুরক্ষিত রাখা সম্ভব হবে।

তিনি আরও জানান, সারাদেশে খেলার মাঠের সংকট নিরসনে সরকারি খালি জমি ব্যবহার করে শিশু-কিশোরদের জন্য নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন পাঠদানের শুরুতে অন্তত পাঁচ মিনিট শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করা উচিত। তিনি বলেন, কেবল উচ্চশিক্ষা বা ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, একজন মানুষের মধ্যে সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চাও সমানভাবে প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের বিভ্রান্তি বা উসকানিতে প্রভাবিত না হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত। ভবিষ্যতের নেতৃত্ব দিতে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়াবিদ মোহাম্মদ মইনুল হক এবং বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইসহাক হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা।