- নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্য নিয়ে রাশিয়ার উদ্দেশে যাত্রা করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তিনি। প্রায় ১৫ দিনের এ অভিযানে এলব্রুসের ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
শুক্রবার ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অভিযানের পুরো সময় পতাকাটি সঙ্গে রাখবেন তিনি এবং মাউন্ট এলব্রুসের শীর্ষে পৌঁছে তা উত্তোলন করবেন।
ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুস সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার উঁচু। রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত এই পর্বত জয় করতে সেপ্টেম্বর মাসে রাশিয়ায় অবস্থান করবেন শাকিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলনের এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্বতারোহণে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরাই অন্যতম লক্ষ্য। পাশাপাশি দেশের তরুণদের মধ্যে পাহাড়, প্রকৃতি ও অ্যাডভেঞ্চারভিত্তিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরি করতেও এ অভিযান ভূমিকা রাখবে।
আয়োজকেরা আরও জানান, বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেও এই অভিযানকে তুলে ধরা হচ্ছে। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদারে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা তাদের।
অভিযানটি যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হয়ে নির্ধারিত প্রস্তুতি শেষে মাউন্ট এলব্রুসের চূড়ার দিকে অভিযান শুরু করবেন ইকরামুল হাসান শাকিল। সফলভাবে শৃঙ্গ জয় করতে পারলে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি।
