- নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আহত এক সেনা কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাজধানীতে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কার্যক্রমে যুক্ত হন। একই সঙ্গে আজ শনিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং নির্বিঘ্নে দুর্গোৎসব আয়োজনের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে সিএমএইচে গিয়ে চট্টগ্রামে সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় আহত এক সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।
হাসপাতালে আহত কর্মকর্তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছ থেকে তথ্য নেন এবং আহত সেনা কর্মকর্তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ছাড়া দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় সিএমএইচে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আজ থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
