খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ১ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ২৭ জুলাই চলমান এই ক্রীড়া আয়োজনের সমাপ্তি হবে।
আমিনুল হক বলেন, দেশের জার্সি গায়ে মাঠে নামলে খেলোয়াড়দের একমাত্র পরিচয় থাকে ‘বাংলাদেশ’। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য তৈরি করে এবং জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করে।
তিনি বলেন, “সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের মধ্যে যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে, সেই উদ্দীপনাকে কাজে লাগিয়ে ফুটবলসহ দেশের অন্যান্য খেলাধুলাকে আরও এগিয়ে নিতে হবে।”
প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে মোট ৮টি ইভেন্ট ছিল। এবারের আয়োজনে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় ইভেন্টের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে।
তিনি বলেন, প্রথম আসরের সমাপ্তির আগেই গত ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন এবং ৫০৩টি উপজেলা থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বছরব্যাপী এই ক্রীড়া কার্যক্রম চালিয়ে নেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিভাবান খেলোয়াড়দের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা ভালো পারফরম্যান্স করবে, তাদের উচ্চতর প্রশিক্ষণ, পড়াশোনা ও পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রধান লক্ষ্য।
