নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামে ওই শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা রবিউলের ঘরের ভেতর থেকে শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, রবিউল শিশুটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তার লাশ কাঁথা দিয়ে ঢেকে রাখে।
ঘটনার পর থেকে রবিউল পলাতক ছিল। মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে আটক করে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘আটককৃত রবিউলকে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটির ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
