রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে ছিলেন, তাই এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, “এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।”
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংবিধানের বিধান।”
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে চলা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা যেভাবে শুনেছেন, আমিও সেভাবেই শুনেছি। তবে তিনি পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে আমি কিছু জানি না। এটি অনুমাননির্ভর বিষয়।”
নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার কারণ সম্পর্কে স্পিকার বলেন, তার দেশে ফেরার কথা ছিল ২৬ জুলাই। তবে ব্যক্তিগত কাজ ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় তিনি আগেই দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী দায়িত্ব স্পিকারের ওপর বর্তাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ এবং তা তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসা শেষ হওয়ায় শুক্রবারই তিনি দেশে ফেরেন।
এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলার মধ্যে স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
