- ভুল হলে সংশোধনের সুযোগ, গুরুতর অপরাধে ছাড় নয়: জামায়াত আমীর
জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়, মানুষ হিসেবে দলের নেতাকর্মীদেরও ভুলত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, কোনো ভুল বা অন্যায় চোখে পড়লে তা ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে সাদা কাপড়ে দাগ লাগার উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেন, “আমরা পরিষ্কার করে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদেরও ভুল হয়, অপরাধ হয়।”
তিনি বলেন, সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু দাগ লাগলে তা বেশি স্পষ্ট দেখা যায়। তাই জামায়াতে ইসলামীতে নৈতিকতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
শফিকুর রহমান আরও বলেন, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা দলের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা জানাবেন। জামায়াত নিজেদের সংশোধন করার চেষ্টা করবে। সহনীয় পর্যায়ের কোনো বিচ্যুতি হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করা হবে না।
সংবিধান নিয়ে সরকারের সমালোচনা
সম্মেলনে সংবিধান সংস্কার ও সংশোধন প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, সংবিধান নিয়ে অযথা পরিবর্তনের চেষ্টা না করে জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, “সরকারকে বিনীত অনুরোধ জানাই, সংবিধান নিয়ে বেশি কচলাইতে যাবেন না। না হলে নিজেদের অস্তিত্ব খুঁজে পাবেন না।”
শফিকুর রহমান বলেন, সংবিধানের অনেক বিষয়েই এখনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। জনগণ সংবিধান সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংশোধনের জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কার ছাড়া সংশোধন করা হলে তা জনগণের স্বার্থে হবে না। সংবিধান কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের মানুষের কল্যাণে হওয়া উচিত।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দেওয়া সিদ্ধান্তকে সরকারকে সম্মান করতে হবে।
তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলসহ দলের অন্যান্য নেতারা।
সম্মেলনে বক্তারা দলের শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ গঠনে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
