ব্যবসা বাড়িয়ে অর্থনীতিতে অবদান রাখুন: পরিবেশমন্ত্রী

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি।

শনিবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)-এর নবনির্বাচিত পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের সম্পদ বৃদ্ধি করা ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে। সম্পদ সৃষ্টি হলে তা মানুষের মধ্যে ভাগ করা যায়, কিন্তু দারিদ্র্য ভাগ করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, অনেক সময় ঢালাওভাবে সব ব্যবসায়ীর সমালোচনা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। দেশের অনেক ব্যবসায়ী নিয়ম-কানুন মেনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের আরও বেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করেও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিবেশমন্ত্রী।

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ফেনী চেম্বারের সদস্যরা।