বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এ যুক্ত হয়েছেন। একই সঙ্গে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও সংগঠন থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গ্রহণ করা হয়েছে। নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থাকায় একই সঙ্গে দুটি সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
মেঘমল্লার বসু বলেন, “আমি এবং মাঈন এনপিএতে যুক্ত হয়েছি। দুটি সংগঠনের নীতিনির্ধারণী ফোরামে একসঙ্গে থাকা সমীচীন নয়। তাই ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছি। এখন এনপিএতে কাজ করতে চাই।”
ছাত্র ইউনিয়নের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংগঠনটি জানায়, আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী নেতাদের দায়িত্ব পালনকালীন অবদানকে ছাত্র ইউনিয়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করছে। একই সঙ্গে শিক্ষা অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
এদিকে, মেঘমল্লার বসু জানিয়েছেন, ছাত্র ইউনিয়ন তার রাজনৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ছাত্র ইউনিয়নের শিক্ষা ও মূল্যবোধ তার রাজনৈতিক জীবনে থেকে যাবে। সংগঠনটির আদর্শগত লড়াই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করে। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে গঠিত এ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের নাম ছিল।
এর আগে মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
