বঙ্গোপসাগরের নিম্নচাপে ৩ নম্বর সতর্কসংকেত বহাল, উপকূলে দমকা হাওয়ার আশঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই। তবে এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। যদিও এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে না, তবুও এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে।

রোববার দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

বিশেষ সামুদ্রিক আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নচাপ কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।

এদিকে আবহাওয়ার আরেক বুলেটিনে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

দুপুর পর্যন্ত দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। তবে বরিশাল অঞ্চলে কিছু মেঘ ও বৃষ্টির উপস্থিতি রয়েছে এবং যশোর থেকে কক্সবাজার পর্যন্ত কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলের কাছাকাছি অবস্থানরত নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী বুলেটিন প্রকাশ করা হবে।