নেতৃত্ব, উদ্ভাবন এবং ডিজিটাল সেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘আইএআইআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। দেশের বিপিও, আইটিইএস এবং ডিজিটাল সেবা খাতের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে সংগঠনটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
গত ২৫ জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিমের হাতে পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (আইএআইআইএলসি) পক্ষ থেকে জানানো হয়, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বাক্কোকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বাক্কো জানিয়েছে, দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতকে এগিয়ে নিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, নীতিগত সহায়তা নিশ্চিত করা, শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সংগঠনটির নানা উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনটির নেতারা মনে করছেন, বৈশ্বিক প্রযুক্তি ও আউটসোর্সিং বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে আরও উন্মোচিত করতে দক্ষ জনবল এবং উদ্ভাবনভিত্তিক সেবা খাতের বিকল্প নেই। এ ক্ষেত্রে বাক্কো দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সংযোগ তৈরির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
পুরস্কার গ্রহণের পর বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, এই অর্জন শুধু বাক্কোর নয়, বরং বাংলাদেশের পুরো বিপিও ও আইটিইএস খাতের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, সংগঠনের সদস্য প্রতিষ্ঠান, শিল্প অংশীদার, সরকারি সংস্থা এবং প্রযুক্তি খাতের পেশাজীবীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। দেশের তরুণ কর্মশক্তি, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কারণে আন্তর্জাতিক বাজারে নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এই স্বীকৃতি ভবিষ্যতে সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
বাক্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক এই সম্মাননা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টায় নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একই সঙ্গে উদ্ভাবনভিত্তিক ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে সংগঠনটির চলমান কার্যক্রমকে শক্তিশালী করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি বাংলাদেশের প্রযুক্তি ও আউটসোর্সিং খাতের প্রতি বিদেশি বিনিয়োগকারী ও বৈশ্বিক অংশীদারদের আস্থা বৃদ্ধি করবে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ডিজিটাল সেবা ও আউটসোর্সিং গন্তব্য হিসেবে আরও সুপরিচিত করে তুলবে।
