সেমিকন্ডাক্টর সামিটে ড্যাফোডিলের প্রযুক্তি দেখলেন প্রধানমন্ত্রী

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছে ড্যাফোডিল গ্রুপ। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু নভোথিয়েটারে আয়োজিত ‘সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট ২০২৬’-এ ড্যাফোডিল গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত এ পরিদর্শনের সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামিটে ড্যাফোডিল গ্রুপের প্যাভিলিয়নে দেশের প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবন ও সক্ষমতা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী সেখানে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তিপণ্য, গবেষণা কার্যক্রম এবং উচ্চপ্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিশেষভাবে ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠান ডিসিএল হাই-টেকের ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিপণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে এবং এ খাতে বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে। দেশের প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শন শেষে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের তৈরি বিভিন্ন প্রযুক্তি সমাধান সরকারি উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, দ্রুত ও স্বল্প ব্যয়ে বাস্তবায়নে সহায়তা করতে পারে। এসব উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ২০০১ সালে গঠিত আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেন তিনি। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

সেমিকন্ডাক্টর সামিটে ড্যাফোডিল গ্রুপের প্যাভিলিয়নে ডিসিএল হাই-টেকের ইলেকট্রনিক্স উৎপাদন প্রযুক্তি, ড্যাফোডিল রোবোটিক্সের এআই ও রোবোটিক্সভিত্তিক উদ্ভাবন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম এবং ড্যাফোডিল সফটওয়্যারের এআইনির্ভর বিভিন্ন ডিজিটাল সমাধান প্রদর্শন করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ সামিটে অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারদের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও উচ্চপ্রযুক্তি খাতে গবেষণা এবং শিল্প-একাডেমিয়া অংশীদারত্ব আরও জোরদার হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেমিকন্ডাক্টর ও প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে এ ধরনের উদ্যোগ দেশের প্রযুক্তি খাতকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরি, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।