জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে দেশে জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধের একমাত্র পথ হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আত্মত্যাগ দেশের সামনে পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সর্বোচ্চ গুরুত্ব পাবে।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে এবং জুলাই গণঅভ্যুত্থান সেই আন্দোলনকে নতুন গতি দিয়েছে। বর্তমান সময়ে বিভাজন নয়, বরং আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং জাতীয় সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আলোচনার ভিত্তিতেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও পেশাগত সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
