তারেক-শাহবাজ বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংলাপের ওপর গুরুত্ব

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মুহাম্মদ শাহবাজ শরিফ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।