দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় সর্বশেষ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে বুধবার (৫ আগস্ট) পর্যন্ত একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন মূল্য ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
