রাবিতে ৪২ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ শিক্ষকের বিরুদ্ধে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের নির্বাহী (অফিস) আদেশে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২-কে। সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে প্রকাশিত শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, একটি অনলাইন প্রতিবেদনে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রকাশিত খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। তবে সেখানে কয়েকজন শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে প্রকাশিত হওয়ায় প্রকৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করাই তদন্ত কমিটির প্রধান দায়িত্ব। পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের শোকজ করা হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম পূর্ণাঙ্গভাবে উল্লেখ না থাকায় বিভ্রান্তির সুযোগ রয়েছে। তাই প্রকৃত অভিযুক্তদের শনাক্ত করতে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।