- আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শেখ আহমেদের মৃত্যুর খবর জানায় দুবাইয়ের শাসকের দপ্তর। শোক চলাকালে সরকারি ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শেখ আহমেদ ছিলেন দুবাইয়ের শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের একজন। তিনি প্রয়াত শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাইয়ের শাসক ছিলেন। তার শাসনামলেই আধুনিক দুবাইয়ের উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়।
দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাইয়ের নিরাপত্তা, ক্রীড়া ও ব্যবসা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়িক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন শেখ আহমেদ। তিনি এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।
দুবাইয়ের ঘোড়দৌড়ের ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য সম্পৃক্ততা ছিল। জেবেল আলি রেসকোর্স প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িত। ১৯৯১ সালে এই রেসকোর্সে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। দীর্ঘ সময় ধরে তিনি জেবেল আলি স্টেবলসের সঙ্গেও যুক্ত ছিলেন।
ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার প্রয়াত ভাইয়ের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাকে স্মরণ করেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও শেখ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও তার চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দুবাইয়ের শাসকের দপ্তরের ঘোষণায় জানানো হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের শোকের সময় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে দুবাইয়ের শাসক পরিবারসহ পুরো আমিরাতে শোকের আবহ তৈরি হয়েছে।
