- নিজস্ব প্রতিবেদক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত গভর্নিং বডি নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চার সদস্যের অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের রুলে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও অধ্যক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
রিটের আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিনি আদালতে নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
রিটে বলা হয়, প্রতিষ্ঠানটি পরিচালনা ও নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে গত ২৬ জুলাই ঢাকা শিক্ষা বোর্ড চার সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদন দেয়। এতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে সভাপতি করা হয়।
আবেদনে দাবি করা হয়, একই ব্যক্তিকে বারবার অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। ২০২৪ সালের ৯ ডিসেম্বর, ২০২৫ সালের ১৩ মার্চ, ২০২৬ সালের ১৫ জানুয়ারি এবং সর্বশেষ ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের মাধ্যমে ইসমাইল জবিউল্লাহকে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
রিটকারী আইনজীবীর বক্তব্য, ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালায় অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। কোনো অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি করা গেলেও তা দুইবারের বেশি করা যায় না। একইভাবে কোনো ব্যক্তি দুইবারের বেশি সভাপতি বা সদস্য থাকতে পারেন না বলে রিটে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আগের কমিটি নিয়মিত গভর্নিং বডি নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পরও একই সভাপতি ও সদস্যদের নিয়ে গত ২৬ জুলাই ছয় মাস মেয়াদের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাঁর দাবি, এভাবে কমিটি গঠন সংশ্লিষ্ট বিধান ও সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
রিটে আরও বলা হয়, ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ওই মামলা চলমান থাকা অবস্থায় প্রাসঙ্গিক আইনের যথাযথ উল্লেখ ছাড়াই নতুন করে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।
এ কারণে গত ২৬ জুলাই চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ আগস্ট হাইকোর্টে রিট করেন ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে হাইকোর্ট অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেন এবং আদালতের আদেশ পাওয়ার পর থেকে ৯০ দিনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আদালতের আদেশ পাওয়ার দিন থেকে ৯০ দিনের সময় গণনা করা হবে।
