চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে গুলশান-২-এর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতের ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে মাহফুজুর রহমান মিতাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির উপ-কমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন জানান, মাহফুজুর রহমান মিতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।