জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট বর্তমান সরকারকে উৎখাত করে দ্রুত ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী জোটের কর্মকাণ্ডের সমালোচনা করে এ্যানি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসও পূর্ণ করেনি। একটি সরকারকে মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন। কিন্তু তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় যেতে চায়।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ যারা তৈরি করতে চায়, তাদেরই এর দায় নিতে হবে। দেশের জনগণ অতীতেও রাজপথে থেকে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করেছে। ভবিষ্যতেও রাজপথে থেকেই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানান।
বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর পাশাপাশি বামপন্থি রাজনৈতিক জোটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন। দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম।
