ঢাকায় শুরু চার দিনের সুতা-ফেব্রিক ও টেক্সটাইল এক্সেসরিজ প্রদর্শনী

দেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা ও আন্তর্জাতিক সরবরাহকারীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী সুতা, ফেব্রিক ও পোশাকের আনুষঙ্গিক পণ্যের প্রদর্শনী। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া এ আয়োজনে দেশি-বিদেশি ১৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের আয়োজনে ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো ২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। চার দিনব্যাপী এ আয়োজনে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি সুতা, ফেব্রিক, পোশাকের আনুষঙ্গিক পণ্য ও টেক্সটাইল কেমিক্যাল সংগ্রহের সুযোগ পাবেন।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পোশাক শিল্পের জন্য বিভিন্ন ধরনের নতুন পণ্য, প্রযুক্তি ও উপকরণ তুলে ধরছে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সরবরাহকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্পের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে নীতিগত সহায়তার পাশাপাশি বর্তমান বিনিয়োগকারীদের ধরে রাখার মতো পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সার্টিফিকেশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে দেশের উদ্যোক্তারা আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন। পাশাপাশি পোশাক শিল্পের জন্য নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের বিষয়ে জানার সুযোগও তৈরি হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, পোশাক খাতের প্রবৃদ্ধি এবং পণ্যের মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিংয়ের গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক সরবরাহকারীদের বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যুক্ত করাই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।

প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড সুতা, উল, স্যুট, প্রিন্টেড, স্পোর্টস ও হোম ফ্যাব্রিক প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি পোশাকের বিভিন্ন আনুষঙ্গিক পণ্য, এমব্রয়ডারি এবং হট স্ট্যাম্পিংসহ আধুনিক প্রক্রিয়াজাত প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।