বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেও অর্থের সংকটে যখন অনিশ্চয়তায় পড়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল হাসান, তখন তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তাঁর পড়াশোনা ও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তা তাঁর উচ্চশিক্ষার পথে প্রয়োজনীয় ব্যয় মেটাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স থিসিস পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোভদে (University of Skövde) উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি পেয়েছেন নাজমুল। তবে বৃত্তি পাওয়ার পরও বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেয়ে নাজমুলের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সহজ হয়েছে। এই সহায়তা তাঁর মেধা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতারও প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা নাজমুলের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ অর্জনের গল্প দেশের অন্য মেধাবী ও স্বপ্নবান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
