গণিত অলিম্পিয়াডের পদকজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড (EGMO)-এ সাফল্য অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি দেশে গণিতচর্চা আরও ছড়িয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য শুভকামনা জানান।

এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) পক্ষ থেকে স্কুল পর্যায়ে ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান।

স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের IELTS পরীক্ষার আদলে পৃথক একটি গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও বৈঠকে তুলে ধরা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (IMO) জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) সদস্য মো. আব্দুল হাকিম খান।

সাক্ষাতে আরও ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও IMO এবং EGMO ব্রোঞ্জ পদকজয়ী মনামী জামান, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও IMO রৌপ্য পদকজয়ী মো. রায়হান সিদ্দিকী, ঢাকা ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী জাওয়াদ হামীম চৌধুরী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী মোহাম্মদ মারজুক রহমান, আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী তাহসিন খান, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী এম. জামিউল হোসেন এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও EGMO ব্রোঞ্জ পদকজয়ী সাজি সেহনাই।