পল্লী উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দেশের টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তুলতে পল্লী উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, উন্নত পল্লী গড়ে উঠলেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি আরও শক্তিশালী হবে।

সোমবার (৬ জুলাই) প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত সব শ্রেণি-পেশার মানুষ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, গ্রামবাংলা দেশের শিকড়, শক্তি ও সম্ভাবনার প্রধান উৎস। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং সীমিত বিকেন্দ্রীকরণের কারণে পল্লী অবকাঠামো ও গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যাশিত উন্নয়ন অর্জিত হয়নি।

তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পল্লী উন্নয়নের জন্য দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি তৃণমূলের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল, যা দেশের পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামীণ এলাকার জনমুখী, অংশগ্রহণমূলক, কার্যকর ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠন, যুব ও নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অকৃষি খাতের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সরকারের উন্নয়ন দর্শনের সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত করবে এবং পল্লী উন্নয়নের প্রতি জাতীয় অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

বাণীর শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করুন এবং উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করুন। একই সঙ্গে তিনি ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।