সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশায় এমন তথ্য উপস্থাপন করতে হবে, যা প্রয়োজনীয়, সামঞ্জস্যপূর্ণ এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও বার্তাকে স্পষ্টভাবে তুলে ধরে।

এতে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে উল্লেখ করা হয়েছে, এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অনতিবিলম্বে কার্যকর হবে।