সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
