সংবিধান নতুন করে প্রণয়ন করার কোনো পরিকল্পনা নেই। প্রয়োজন অনুযায়ী বিদ্যমান সংবিধানই সংশোধন বা সংস্কার করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সংবিধানের সম্ভাব্য পরিবর্তন নিয়ে জানতে চাইলে প্রধান হুইপ বলেন, সংবিধানের কোনো অংশ পরিবর্তন, সংযোজন বা পরিমার্জন করা হলে সেটিকে আইন অনুযায়ী সংবিধান সংশোধন হিসেবেই বিবেচনা করা হবে। নতুন করে সংবিধান লেখার সুযোগ নেই।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রধান হুইপের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিএনপি নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মনোনয়নপত্র দাখিলসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম আইন ও নির্ধারিত বিধি মেনেই সম্পন্ন করা হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে কি না, এমন প্রশ্নের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেখানে দলের স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়নি। প্রধানমন্ত্রীর আহ্বানে সেখানে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছিল। ওই আলোচনায় প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তের বিষয়টি উপস্থিত নেতাদের জানিয়েছেন।
দলের মহাসচিবের দায়িত্ব এবং স্থানীয় সরকারমন্ত্রীর পদ নিয়ে তৈরি হওয়া বিভিন্ন আলোচনা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
