রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ নেন।
নতুন ভবনটি চালু হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা সামলানোর সক্ষমতা বাড়বে। পাশাপাশি নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যায় অতিরিক্ত অবকাঠামোগত সুবিধা যুক্ত হলো।
পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন।
