নিজের নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে তিন দিনের সরকারি সফর শেষ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সফরে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের সংবর্ধনা, সড়ক নির্মাণকাজের উদ্বোধন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার (১৫ আগস্ট) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। দেশের উন্নয়ন ও কল্যাণে মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে তাদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সফরের শেষ দিনে নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ইয়াসের খান চৌধুরী। সেখানে শিক্ষকদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন তিনি।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
পরে নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
তিন দিনের সফরে নান্দাইলে বিভিন্ন সরকারি ও স্থানীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
