দেশের বর্তমান গ্যাস সংকটের পেছনে বিগত সরকারের সময় নেওয়া জ্বালানি নীতিকে দায়ী করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তাঁর দাবি, ওই সময়ে দেশের প্রায় ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এর ফলে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সবার সহযোগিতা পেলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় গত সাড়ে পাঁচ মাসে সাধারণ মানুষের দুর্ভোগ আগের তুলনায় কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার জনগণের পাশে থেকে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের অতীত সংকট মোকাবিলায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, দলটি বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের উদাহরণ টেনে তিনি বলেন, দুর্ভিক্ষের সময় দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যেই দেশকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করা হয়েছিল।
বর্তমান সরকারও দুর্বল অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এজন্য দেশের সঠিক পরিচালনায় রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন চিফ হুইপ।
বিগত সরকারের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে দাবি করে তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। এই অর্থ দেশে থাকলে তা দিয়ে একাধিক জাতীয় বাজেট বাস্তবায়ন করা সম্ভব হতো। দীর্ঘদিন ধরে অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার যে প্রক্রিয়া চলেছে, তা থেকে বেরিয়ে আসতে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
স্বৈরশাসনের সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, মানুষের বাক্স্বাধীনতা সীমিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিয়ে আশা-আকাঙ্ক্ষাও নষ্ট করা হয়েছে। জনগণের সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের খাদ্যের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নূরুল ইসলাম মনি বলেন, জুলাইয়ের শহীদ পরিবারের পাশে সরকার সর্বাত্মকভাবে থাকবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।জা
তীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অভিনেতা বাবুল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
