জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের সহযোগিতার আশ্বাস বাংলাদেশের

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জ্বালানি সহযোগিতার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়নি। সেখানে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে।

তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন খলিলুর রহমান। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এ সময় সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান শেখ মোহাম্মদ। দায়িত্ব পালনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কাতারের পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

পরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএনজি নিয়ে কাতার এনার্জির সঙ্গে আলোচনা

কাতার সফরের প্রথম দিন মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারীর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। সেখানে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

পরে কাতার এনার্জির সদর দপ্তরে দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল-কাবিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা এবং বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে কাতার দীর্ঘদিন ধরে এলএনজি সরবরাহ করে আসছে। চলমান সংকটের মধ্যে দোহা সফরে জ্বালানি সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাওয়ায় ভবিষ্যতে সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল করার বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে বাংলাদেশ।