অর্থপাচার ও ঋণ অনিয়মের অভিযোগে আলোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডকে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটিকে দেওয়া হবে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, আগের একটি সিন্ডিকেট ঋণের আওতায় রূপালী ব্যাংকের অবশিষ্ট অংশ হিসেবে ৩১ লাখ ৯৮ হাজার ডলার এসএস পাওয়ারকে দেওয়া হবে।
বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংক কোম্পানি আইনের একটি নির্দিষ্ট ধারার বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট একই ধরনের আইনি ছাড় দিয়ে এসএস পাওয়ারকে শতভাগ নগদ মার্জিনে ঋণপত্র বা এলসি খোলার অনুমতিও দেয় বাংলাদেশ ব্যাংক।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঋণ অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে সরকারি বিভিন্ন সংস্থা অনুসন্ধানে নামে। এ ঘটনায় একাধিক মামলাও করা হয়েছে।
তদন্ত ও আর্থিক সংকটের মধ্যে গ্রুপটির বেশিরভাগ প্রতিষ্ঠান নতুন করে ঋণ সুবিধা না পাওয়ায় অর্থসংকটে পড়ে। বর্তমানে তাদের বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবসা তুলনামূলকভাবে সক্রিয় থাকলেও ভোগ্যপণ্যসহ অন্যান্য ব্যবসায় মন্দাভাব চলছে।
অর্থ সংকটের কারণে এস আলম গ্রুপের বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডও খেলাপি প্রতিষ্ঠানে পরিণত হয়।
চট্টগ্রামের বাঁশখালীতে স্থাপিত এসএস পাওয়ার-১ বিদ্যুৎকেন্দ্রটি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের গ্রাহক। এখন আগের সিন্ডিকেট ঋণের অবশিষ্ট অংশ হিসেবে এই প্রতিষ্ঠানকে নতুন করে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়ার অনুমোদন দেওয়া হলো।
