দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের স্কুলকে সরকারি তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, দেশের সব বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানসহ প্রাইভেট স্কুলগুলোকে পর্যায়ক্রমে অধিদপ্তরের তদারকি ব্যবস্থার মধ্যে আনা হবে। কোনো প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করলে সেটি বন্ধ করে দেওয়া হবে।
তবে স্কুল নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত উদ্যোগে কেউ বাড়ির গ্যারেজ, দোতলা বা তিনতলায় ইচ্ছামতো স্কুল প্রতিষ্ঠা করতে পারবেন না। একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা মানা হচ্ছে কি না, শ্রেণিকক্ষের পর্যাপ্ত জায়গা রয়েছে কি না এবং শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ বা প্রয়োজনীয় সুবিধা আছে কি না, তা তদারকি কর্মকর্তারা পরিদর্শন করবেন।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নয়, বিদ্যালয়ে কোন বই পড়ানো হচ্ছে, পাঠ্যক্রমে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং শিক্ষকদের যোগ্যতা ও প্রশিক্ষণ রয়েছে কি না, সেসব বিষয়ও নজরদারির আওতায় থাকবে।
প্রশিক্ষিত শিক্ষক ছাড়া শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, প্রশিক্ষণবিহীন কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে দেখতে চায় না সরকার। শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বুধবারের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাবিত তদারকি কাঠামো ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
