জানুয়ারিতে নয়, মার্চে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রমজান ও ঈদুল ফিতরের পর মার্চে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বুধবার দুপুরে তিনি জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী মার্চের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর হতে পারে। ৭ জানুয়ারির পরিবর্তে পরীক্ষা পিছিয়ে দেওয়া হলে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে।

এর আগে গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। এরপর থেকেই পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা শুরু হয়। এরই মধ্যে পরীক্ষার একটি প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়েছে।

তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় প্রয়োজন হলে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।

প্রায় ২০ লাখ পরীক্ষার্থী নিয়ে উদ্বেগ

আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাক্রম নিয়েও কিছুটা ভিন্নতা রয়েছে। শিক্ষাজীবনের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে তারা আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। পরে নবম ও দশম শ্রেণিতে তারা ২০১০ সালে পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা করছে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণির শিক্ষার্থীরা দেরিতে পাঠ্যবই পাওয়ায় তাদের একটি বড় অংশ ২০২৭ সালের এপ্রিল নাগাদ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ অবস্থায় জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকে। তাদের মতামতও পরীক্ষা পেছানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে।

একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রচলন ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারি এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় জুলাইয়ে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময়ের ক্ষতি কমিয়ে আনতে আগামী বছর থেকেই পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার উদ্যোগ নিয়েছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই জানুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনা করে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে কি না, শিগগিরই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন।